বিনোদন রিপোর্ট
বাংলা গানের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক আলী হোসেন গতকাল ভোর ৫টা দিকে যুক্তরাষ্ট্রের বোস্টনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। আলী হোসেনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের সহকারী নাদিম আহমেদ ও সংগীত পরিচালক ফরিদ আহমেদ।
১৯৬৬ সালে মোস্তাফিজ পরিচালিত ‘ডাক বাবু’ ছবিতে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে অভিষেক হয় আলী হোসেনের। সেসময় তিনি বাংলা চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি বেশকিছু উর্দু ছবিতেও সংগীত পরিচালনা করেছেন। এরপর নিজের পালকে যুক্ত করেছেন অসংখ্য কালজয়ী গান। এই তালিকায় রয়েছে—‘কত যে তোমাকে বেসেছি ভালো’, ‘অশ্রু দিয়ে লেখা এ গান যেন ভুলে যেও না’, ‘আরে ও প্রাণের রাজা তুমি যে আমার’, ‘এ আকাশকে সাক্ষী রেখে এ বাতাসকে সাক্ষী রেখে’, ‘ও দুটি নয়নে স্বপনে চয়নে নিজে রে যে ভুলে যায় তুলনা খুঁজে না পায়’, ‘কে তুমি এলে গো আমার এ জীবনে’ ইত্যাদি।
