সড়ক দুর্ঘটনায় নারী আহত
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
কমলগঞ্জ উপজেলার শমশেরনগর-কুলাউড়া সড়কের সিএনজি-অটোরিকশার চাপায় মোমিনা বেগম (৬০) নামে এক নারী আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টায় পতনঊষারের ডাকবেল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে স্থানীয়রা ঐ পথে চলাচল করা অন্য দুই চালককে আটক করে। পরে তাদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে ঐ চালকদের মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে শমশেরনগর উত্তরবাজার সিএনজি-অটোরিকশাচালক সমিতি দুপুরে সড়ক অবরোধ করে। ঘণ্টাখানেক পর পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে চালক সমিতির সভাপতি মো. মোস্তফা মিয়া বলেন, পুলিশের উপস্থিতিতে উসমানগড় এলাকায় কয়েক জন যুবক আমাদের গাড়ি আটকিয়ে চালকদের মারধর করেছে। তাই বাধ্য হয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি। পতনঊষার ইউনিয়নের উসমানগড় এলাকার স্থানীয় ইউপি সদস্য মো. সাজিদ আলী বলেন, আহত নারীর একটি পা ভেঙে গেছে। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই স্থানীয়রা সিএনজি-অটোরিকশাচালকদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লে উত্তেজিত লোকদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে। এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। অন্য বিষয়গুলো তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
