টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন ডু প্লেসি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:০০

ক্রিকেটের দীর্ঘস্থায়ী ফরম্যাট, টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসি। গতকাল ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন এই ৩৬ বছর বয়সি। সামনের দুই বছরে অনুষ্ঠিতব্য দুটি টি-২০ বিশ্বকাপকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই প্রোটিয়া। করোনার প্রাদুর্ভাবের জন্য সবেই অস্ট্রেলিয়া সিরিজকে স্থগিত করল ক্রিকেট সাউথ আফ্রিকা। যার মানে হচ্ছে, চলতি মৌসুমে আর লাল বলের ক্রিকেট খেলতে হচ্ছে না দক্ষিণ আফ্রিকার। আর এদিকে কড়া নাড়ছে একের পর এক টি-২০ বিশ্বকাপ। তাই এখনই লাল বলের ক্রিকেটকে বিদায় বলে দেওয়াটা উপযুক্ত মনে করলেন সামনের জুলাইয়ে ৩৭-এ পা রাখতে যাওয়া ডু প্লেসি। টেস্টে ডু প্লেসির অভিষেক হয়েছিল ২০১২ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডেলেডে। অভিষেক টেস্টেই চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করে দলকে বাঁচিয়েছিলেন। সেখান থেকে গত ৯ বছরে প্রোটিয়াদের প্রতিনিধিত্ব করেছেন ৬৯টি টেস্টে। নিজের সুদীর্ঘ টেস্ট ক্যারিয়ার নিয়ে গর্বিত ডু প্লেসি তার বিদায়ি বিবৃতিতে বলেন, ‘১৫ বছর আগে যদি কেউ আমাকে বলত, আমি দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৯টি টেস্ট খেলব এবং দলকে নেতৃত্বও দিব, আমি বিশ্বাস করতাম না। আশীর্বাদে ভরা এক টেস্ট ক্যারিয়ারের প্রতি পূর্ণ কৃতজ্ঞতা রেখে আমি ইতি টানছি।’