অস্ট্রেলিয়ান ওপেন
স্পোর্টস ডেস্ক
এখনই রজার ফেদেরারকে ছাড়িয়ে যাওয়া হচ্ছে না রাফায়েল নাদালের। রেকর্ড ২১তম গ্র্যান্ড স্লামের আশায় অস্ট্রেলিয়ান ওপেন শুরু করা নাদাল ছিটকে গেলেন কোয়ার্টার ফাইনাল থেকেই। গতকাল গ্রিক তারকা স্টেফান সিতসিপাসের কাছে প্রথম দুই সেট জিতেও শেষ তিন সেটে হেরে বাদ পড়েন নাদাল।
ফেদেরারের সমান ২০টি গ্র্যান্ড স্লাম জেতা নাদালের সুযোগ ছিল এই আসর জিতে উন্মুক্ত যুগের সর্বশ্রেষ্ঠ টেনিস খেলোয়াড়ের তকমাটা নিজের করে নেওয়ার। সেই লক্ষ্যে কোয়ার্টারে শুরুটাও ভালোই করেছিলেন। কিন্তু ৩-৬ ও ২-৬ ব্যবধানে প্রথম দুই সেট হারার পর ঘুরে দাঁড়ান এই আসরের পঞ্চম বাছাই সিতসিপাস। ৭-৬ (৪), ৬-৪, ৭-৫ ব্যবধানে বাকি তিন সেট জিতে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন গ্রিকই। এই জয়ে সবার মতো বিস্মিত সিতসিপাসও, ‘আমি নির্বাক, কোর্টে কী হয়েছে সেটা ব্যখ্যা করার মতো কোনো ভাষা আমার জানা নেই। এই পর্যায়ে খেলার অনুভূতিটাই অবিশ্বাস্য। শুরুতে বেশ নার্ভাস ছিলাম আমি। কিন্তু তৃতীয় সেটের পর কী হলো কিছুই বুঝতে পারিনি। যা করতে চেয়েছি, সবই করতে পেরেছি।’
প্রথম দুই সেট জেতার পর এর আগে মাত্র এক বারই কোনো গ্র্যান্ড স্লাম ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল নাদালের। এই পরাজয়ে তাই নিজের ওপরই বিরক্ত নাদাল, ‘চার ঘণ্টা খেলতে পারা উচিত আমার। আমার শারীরিক সক্ষমতা এখনো বেশ ভালো।’
