সিলেট অফিস
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ সরকার বলেছেন, মুজিববর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন তথা প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, সরকার সারা দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। এ ধারাবাহিকতায় এলজিইডির উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। গতকাল বুধবার সিলেটে এলজিইডির আওতায় ২০২০-২০২১ অর্থবছরে সিলেট বিভাগে বাস্তবায়নাধীন প্রকল্প/কর্মসূচির ওপর কর্মশালা ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর একটি হোটেলে স্বাস্থ্যবিধি মেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন এলজিইডি সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নজরুল ইসলাম। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী হোসেন চৌধুরী।
সভায় এলজিইডি সদর দপ্তর, সিলেট বিভাগ, সিলেট অঞ্চল, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রকৌশলী/কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তাছাড়াও সিলেট বিভাগে বাস্তবায়নাধীন মোট ২১টি প্রকল্পের প্রকল্প পরিচালকরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন, এ এন এম এনায়েত উল্লাহ, মো. মজিবুর রহমান সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন এলজিইডি সিলেটের সিনিয়র সহকারী প্রকৌশলী এ কে এম সহিদুল ইসলাম প্রমুখ।
