যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ২৩ জনের মৃত্যু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২২:২৮

তুষারঝড় ও তীব্র ঠান্ডায় যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চল প্রায় অচল হয়ে পড়েছে। টেক্সাসসহ চার অঙ্গরাজ্যে বুধবার পর্যন্ত কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। তীব্র শীতের কারণে বিদুত্ সরবরাহ অপর্যাপ্ত হয়ে পড়েছে। ৫০ লাখের বেশি মানুষ বিদ্যুত্হীন অবস্থায় রয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা টেক্সাসে। মঙ্গলবার সেখানকার ৪০ লাখ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বরফে বিদ্যুত্হীন হয়ে পড়ে। এছাড়া উত্তর-পশ্চিম ওরেগনে তুষার ঝড়ের পর প্রায় চার লাখ মানুষ বিদ্যুত্হীন হয়ে যায়।

বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির ১৫ কোটির বেশি মানুষ শীতকালীন ঝড়ের সতকর্তার মধ্যে রয়েছেন। নর্থ ক্যালিফোর্নিয়ার একটি সমুদ্র তীরবর্তী শহরে টর্নেডো আঘাত হানার পর তিন জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ঘর গরম রাখতে ব্যবহার করা আগুন ছড়িয়ে পড়ে নিহত হয়েছে একই পরিবারের চার সদস্য। এছাড়া লুইজিয়ানা, কেন্টাকি এবং মিসৌরিতে গাড়ি দুর্ঘটনা, বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়াসহ বিভিন্ন কারণে বাকিদের মৃত্যু হয়েছে।

ভারি তুষারপাত আর বরফ বৃষ্টিতে ঠান্ডা আরো তীব্র হয়েছে। শিকাগোতে প্রায় দেড় ফুট তুষারপাতের কারণে মঙ্গলবার বন্ধ করে দেওয়া হয় স্কুল। তীব্র ঠান্ডা আবহাওয়ার কারণে এসব অঞ্চলে করোনার টিকা দেওয়া ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সরকার জানিয়েছে, টিকা পরিবহন ও সরবরাহ বিঘ্নিত হতে পারে। প্রেসিডেন্ট জো বাইডেন  টেক্সাসে জরুরি সহায়তা দেওয়ার অনুমোদন দিয়েছেন।