গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দাফনের ১২ দিন পর এক বৃদ্ধার লাশ কে বা কারা কবর থেকে তুলে পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি ভবনে রেখে গেছে। গতকাল বুধবার উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। মরদেহটি একই ইউনিয়নের হাসানপাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের স্ত্রী নছিমন বেওয়ার (৭৫)।
বৃদ্ধার ছেলে আনছার আলী জানান, গত ৫ ফেব্রুয়ারি তার মা নছিমন বেওয়া বার্ধক্যজনিত কারণে মারা যান। পরদিন তাকে বাড়ির পাশে পালানপাড়া গ্রামে অবস্থিত পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি আরো জানান, বুধবার সকাল ১০টার দিকে ঐ কবরস্থানের প্রায় ৩০০ গজ পশ্চিমে একটি নির্মাণাধীন ভবনের মালিক হেলাল উদ্দিন তার রুমে লাশটি দেখতে পেয়ে চিত্কার দেন। চিত্কার শুনে এলাকাবাসী ছুটে গিয়ে লাশটি দেখে তার পরিচয় শনাক্ত করেন। খবর পেয়ে স্বজনরা কবরস্থানে গিয়ে দেখেন কবরে নছিমন বেওয়ার লাশ নেই। পরে তার লাশ একই কবরে পুনরায় দাফন করা হয়।
সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, কোনো অভিযোগ না থাকায় ঐ লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাত কেউ ঐ ভবনের মালিককে বিপদে ফেলার জন্য এই ঘটনা ঘটাতে পারে।
