সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পেট্রোবাংলা কর্তৃক ৬ষ্ঠ এলএনজি কার্গোর আওতায় ভিটোল এশিয়া প্রা. লি. (সিঙ্গাপুর)-এর নিকট থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ (এমএম ব্রিটিশ থার্মাল ইউনিট) এলএনজি ৩১০ কোটি ৯৮ লাখ টাকায় এবং ৭ম এলএনজি কার্গোর আওতায় ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি ৩১২ কোটি ৬৫ লাখ টাকায় আমদানির পৃথক দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল পদ্ধতিতে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ভিটোল এশিয়া বিভিন্ন দেশে কালো তালিকাভুক্ত এমন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, তারা আমাদের দেশে কালো তালিকাভুক্ত নয়। আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। কারণ তাদের কোনো অগ্রিম পেমেন্ট করা হবে না। প্রতিষ্ঠানটি কোন দেশে কালো তালিকাভুক্ত সে বিষয়ে জানা নেই উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন কারণে কালো তালিকাভুক্ত হতে পারে। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করব।
দেশে চালের মজুত মাত্র ৫ লাখ মেট্রিক টন
অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় জানানো হয়, খাদ্য অধিদপ্তর চলতি (২০২০-২১) অর্থবছরে খাদ্যশস্যের সংশোধিত চাহিদা ধরেছে ২৪ লাখ ৫৫ হাজার ৭ মেট্রিক টন। তার মধ্যে চাল ১৮ লাখ ৬৪ হাজার ৮২৯ মেট্রিক টন এবং গম ৫ লাখ ৯০ হাজার ১৭৮ মেট্রিক টন। গত ১ ফেব্রুয়ারি পর্যন্ত চালের মজুত ছিল ৫ লাখ ১৯ হাজার ৬১ মেট্রিক টন এবং গমের মজুত ছিল ১ লাখ ৪৬ হাজার ৭৭২ মেট্রিক টন। চলতি অর্থবছরে আনুমানিক আরো ১৪ লাখ ৪৯ হাজার ৫২৯ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহ করতে হবে। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, খাদ্যশস্যের আমদানির ধারণা পেতে মজুত পরিস্থিতি সভায় অবগত করা হয়েছে। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এলজিইডি কর্তৃক রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে পৌরসভাসমূহের জন্য ২৫টি হুইল এক্সকাভেটর ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, ক্রয় কমিটির বৈঠকে মোট পাঁচটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—র?্যাব সদর দপ্তরে ১২তলা ব্যাচেলার অফিসার্স কোয়ার্টার্স, ১০তলা ফোর্স ব্যারাক এবং আট তলা ডিএডি মেস কাম এমটি সেড নির্মাণকাজ ১৯২ কোটি টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন হয়েছে। পৃথক আরেকটি প্রস্তাবে সিলেট জেলা পুলিশ লাইন্স এলাকায় একটি ১৫তলা আবাসিক ভবন নির্মাণকাজ ৫৯ কোটি ৬৩ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
