নগরীর রূপাতলী হাউজিং এলাকায় গভীর রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেসে পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় গতকাল সড়ক অবরোধ ও বাসে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা সকাল থেকে বিকাল পর্যন্ত বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখে। শিক্ষার্থীদের দিনভর আন্দোলনে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। এ সময় রাস্তার দুই ধারে যানবাহনের দীর্ঘ লাইন থাকায় বরিশাল মহানগরীতেও যানজটের সৃষ্টি হয়। পরে উপাচার্যের আশ্বাসে বিকালে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, রূপাতলী বাস স্ট্যান্ডের পরিবহন শ্রমিকরা মঙ্গলবার গভীর রাতে হামলা চালিয়ে ১১ শিক্ষার্থীকে গুরুতর জখম করে। আহত শিক্ষার্থীরা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ শুরু করে শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কুয়াকাটা এক্সপ্রেস নামের একটি বাসে অগ্নিসংযোগ করে। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। উপাচার্য অবরোধস্থলে গিয়ে শিক্ষার্থীদের ফিরিয়ে আনেন।
বন্দর থানার সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হওয়ায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা এবং আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
