নগরীর চৌহাট্টায় অবৈধভাবে গড়ে উঠা গাড়ির স্ট্যান্ড উচ্ছেদ করতে গিয়ে হামলার মুখে পড়েন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার বেলা পৌনে ১টার দিকে ঘটনাটি ঘটে। এ সময় সিসিক কর্মী ও পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কিছু প্রাইভেট কার ও মাইক্রোবাস ভাঙচুর করা হয়। সিসিকের কয়েক জন কর্মী আহত হয়েছেন।
এ সময় আগ্নেয়াস্ত্রসহ ফয়সল আহমদ ফাহাদ (৩৮) নামে এক জনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। তিনি সিলেট সিটি করপোরেশন ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খানের ঘনিষ্ঠজন বলে সূত্র জানায়।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, চৌহাট্টায় সিসিকের উন্নয়ন কাজ শুরু করার পূর্বে ফুটপাত দখল করে যারা স্ট্যান্ড করেছেন তাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়। তারা উন্নয়ন কাজের স্বার্থে স্ট্যান্ড ছাড়ার কথা দিয়ে তিন দিনের সময় নেয়। কিন্তু এই সময়ের মধ্যে তারা স্ট্যান্ড সরিয়ে নেয়নি। বরং শ্রমিকদের কাজে বাধা দেওয়া হয়।
তিনি আরো বলেন, বুধবার সকালে সিসিকের কর্মীরা কাজ শুরু করতে গেলে পরিবহন শ্রমিকরা তাদের যানবাহন সরিয়ে নেয়। এরপর পরিবহন শ্রমিকদের একজন নেতা পুনরায় গাড়িগুলো স্ট্যান্ডে নিয়ে আসার জন্য নির্দেশ দিলে শ্রমিকরা গাড়ি নিয়ে আসে। সঙে সঙ্গে বিষয়টি আমি পুলিশসহ প্রশাসনের ঊধর্বতন কর্মকর্তাদের জানালে তারা ঘটনাস্থলে এসে পরিবহন শ্রমিকদেরকে অবৈধ স্ট্যান্ড সম্পর্কে বুঝাতে শুরু করেন। খবর পেয়ে সিসিকের কয়েক জন কাউন্সিলর ঘটনাস্থলে গেলে পরিবহন শ্রমিকরা উত্তেজিত হয়ে কাউন্সিলর ও সিসিকের শ্রমিকদের ওপর হামলার চেষ্টা করলে শুরু হয় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ। এ সময় পরিবহন শ্রমিকরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে সিসিকের শ্রমিকরাও পরিবহন শ্রমিকদের ধাওয়া করলে সংঘর্ষটি আম্বরখানা এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি মাইক্রোবাস ও গাড়ি ভাঙচুর করা হয়।
