পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অপপ্রচারের বিরুদ্ধে তত্পর হতে এবং তথ্যভিত্তিক জবাব দিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ৫২’র ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক উন্নয়ন করছে তাতে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য ও সমালোচনাসহ অনেক নেতিবাচক প্রতিক্রিয়া আসবে। আমি সব সহকর্মীকে এসব অপপ্রচারের বিরুদ্ধে তথ্যভিত্তিক জবাব দেওয়ার আহ্বান জানাই।
তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে কয়েকটি প্রকাশনা এসেছে, এগুলোর সবগুলোই নাটকের মতো বানোয়াট, অবিশ্বাস্য ও মিথ্যা তথ্য। এই গল্পগুলো যে সত্য নয়, এই তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। এসব মিথ্যা তথ্য যাতে জনমনে ভ্রান্ত ধারণা জন্ম না দেয়, সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঠিক ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রমুখ।
