আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি আবুল হাসনাত আর নেই। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসনাতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আবুল হাসনাত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদ্য বিদায়ি সভাপতি ও দলটির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য। এর আগে তিনি দীর্ঘদিন বৃহত্তর লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। সাবেক সভাপতি আবুল হাসনাতের মৃত্যুতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শোক প্রকাশ করেছেন।
