বেগমগঞ্জে আলোচিত ধর্ষণ

মামলায় দুই আসামির বিরুদ্ধে চার্জ গঠন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:২৬

জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে বিবস্ত্র করে নির্যাতনের শিকার ঐ নারীর দায়ের করা ধর্ষণ মামলায় অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। গতকাল বুধবার নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জেলা জজ মো. জয়নাল আবেদীন অভিযুক্ত দুই আসামি দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন ও তার সহযোগী আবুল কালামের বিরুদ্ধে চার্জ গঠন করেন। এর আগে আসামিদের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পড়ে শোনান রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি মামুনুর রশীদ লাভলু । এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। চার্জ গঠনের শুনানিকালে আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী অংশগ্রহণ করেনি।

জানা যায়, গত বছরের ৪ অক্টোবর বেগমগঞ্জের ঐ নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় ঐ নির্যাতিতা নারী ঐদিন রাতে বেগমগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। পরবর্তীতে তিনি একই থানায় দেলোয়ার ও কালামের বিরুদ্ধে ধর্ষণের আরো একটি মামলা দায়ের করেন। মামলা তিনটি পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্বভার দেওয়া হয়। এ মামলাগুলোর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা দুইটি মামলায় গত ১৫ ডিসেন্বর অভিযোগপত্র দাখিল করে পিবিআই। পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানা যায়।