রাজধানীর দারুস সালামের বাগবাড়ী উত্তরপাড়া এলাকায় বাসার ভেতর আকতার হোসেন (৪৭) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দুপরে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথায় ভারী ও ভোঁতা কিছু দিয়ে আঘাতের চিহ্ন ছিল। কী কারণে তাকে হত্যা করা হয়, কারা এতে জড়িত সে ব্যাপারে জানা যায়নি।
দারুস সালাম থানার এসআই সুলতান মাহমুদ শাকিল বলেন, একসময় ডেভেলপার প্রতিষ্ঠানে চাকরি করতেন আকতার হোসেন। বছরখানেক ধরে তিনি বেকার ছিলেন। অনেক বছর আগেই স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয় তার। বাগবাড়ী উত্তরপাড়া এলাকার ২০৩/এ নম্বর বাড়ির নিচতলায় তিনি একাই থাকতেন। গতকাল দুপুর দেড়টার দিকে গৃহকর্মী কাজ করতে গিয়ে তার ঘরের দরজা বন্ধ পান। একপর্যায়ে কৌশলে ছিটকিনি খুলে ভেতরে ঢুকে তার লাশ দেখতে পান সবাই। গামছা ও বালিশের কভার দিয়ে তার হাত-পা বাঁধা ছিল। পরে আশেপাশের লোকজন বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলাবার রাতের কোনো এক সময়ে আকতার হোসেনকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহূত একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
