মি-টু আন্দোলনের মামলায় হেরে গেলেন ভারতের সাবেক প্রতিমন্ত্রী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪৪

ভারতের সাবেক প্রতিমন্ত্রী একজন সাংবাদিকের বিরুদ্ধে করা মানহানির মামলায় হেরে গেছেন। এই রায় ‘মি-টু’ আন্দোলনের ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলতে পারে। সাবেক মন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে 'যৌন শিকারীর মতো আচরণ' করার অভিযোগ তুলেছিলেন সাংবাদিক প্রিয়া রামানি এবং আরো কয়েকজন নারী।

গতকাল বুধবার একজন বিচারক রায়ে বলেন, যৌন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য একজন নারীকে শাস্তি দেওয়া যায় না। রামানি বলছেন, যে নারীরা কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তিনি নিজেকে তাদের প্রতিনিধি বলে মনে করছেন।

ভারতের ‘মি-টু’ আন্দোলনে অভিযুক্ত সবচেয়ে পদস্থ ব্যক্তিদের একজন প্রখ্যাত সম্পাদক এবং লেখক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া আকবর। ২০১৮ সালের অক্টোবর মাসে ওই কেলেঙ্কারির পর তিনি জুনিয়র পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

এরপর তিনি রামানির বিরুদ্ধে মামলা করেন, যে মামলার অভিযোগে বলা হয়, রামানির অভিযোগের কারণে তার তারকা-সমান সম্মানের ক্ষতি হয়েছে। -বিবিসি

ইত্তেফাক/এসআর