চলে গেলেন কানাডার গায়ক-অভিনেতা রেমন্ড লেভেস্ক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২৩

কানাডার খ্যাতিমান গীতিকার, গায়ক, অভিনেতা, ঔপন্যাসিক এবং কবি রেমন্ড লেভেস্ক মারা গেছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে মন্ট্রিয়লের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গত ১৫ ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

কানাডিয়ান সংবাদ মাধ্যম তার পারিবারিক সূত্রের বরাদ্দ দিয়ে জানিয়েছে, কুইবেকে জন্মগ্রহণকারী এই কবি বিশ্বব্যাপী জনপ্রিয় সঙ্গীত ‘কোয়ান্ড লেস হোমসভিভ্রন্টডি মৌর’ লেখার জন্য বিশেষভাবে পরিচিত। তিনি শত শত গান রচনা করেছেন যা কুইবেকের সাংস্কৃতিক অঙ্গনের অংশ হয়ে উঠেছে। এছাড়া তিনি কুইবেক বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠা ব্যক্তি।

কুইবেকের প্রিমিয়ার ফ্রাংকোইস লেগাল্ট টুইটারে শোক জানিয়ে বলেছেন, সর্বকালের অন্যতম সুন্দর গানের লেখক রেমন্ড লেভেস্কের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা।

লেভেস্ক ১৯৮০’র দশকে বধির হওয়ার পর লেখালেখিতে মনোযোগী হোন। কুইবেকের স্বাধীনতার ধারণার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ লেভেস্ক ২০০৫ সালে গভর্নর জেনারেল অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করেছিলেন। কারণ, এই অ্যাওয়ার্ড কানাডায় ব্রিটিশ রাজতন্ত্রকে প্রতিনিধিত্ব করে।

ইত্তেফাক/বিএএফ