নতুন প্রজন্মের প্রতিভাবান সংগীতশিল্পী আমিদ হোসেন চৌধুরী। গত ঈদুল আজহায় তার গাওয়া নতুন কয়েকটি মৌলিক গান বেরিয়েছে। সবই নাটকে ব্যবহৃত হয়েছে। আবারও বিশেষ দিবসে শোনা গেলো তার গান।
এবারের ভালোবাসা দিবসে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘হাফ হানিমুন’ নাটকের ‘এই বসন্তে’ শিরোনামের একটি গান গেয়েছেন আমিদ। এর কথা লিখেছেন রুপক। সংগীতায়োজনে প্রত্যয় খান। এতে প্রধান চরিত্র অভিনয় করেছেন তাহসান খান ও নুসরাত ইমরোজ তিশা।
ভালোবাসা দিবস উপলক্ষে ‘ক্লোজআপ ভালোবাসার গল্প ২০২১’-এর স্বল্পদৈর্ঘ্য ছবি ‘একদিন বৃষ্টিতে বিকেলে’র জন্য আমিদের গাওয়া গানের শিরোনাম ‘কাছের আসার নেই যে কারণ’। আব্দুল্লাহ আর রাফির গল্পে এটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। এতে জুটিবদ্ধ হয়েছেন মুমতাহিনা টয়া ও খায়রুল বাশার।

আমিদ ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘নাটক ও স্বল্পদৈর্ঘ্য ছবিতে ব্যবহৃত গানগুলো নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। কিছুদিনের মধ্যে গান দুটির মিউজিক ভিডিও প্রকাশ হবে।’
২০১০ সালে রিপন খানের সুর-সংগীতে ‘তুমি ছাড়া আছে কী জীবনে’ আমিদের গাওয়া প্রথম মৌলিক গান। এর দুই বছর পর সংগীত রিয়েলিটি শো ‘বাংলাদেশি আইডল’-এ অংশ নিয়ে রকসংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর সান্নিধ্য পেয়েছিলেন এই তরুণ। এলআরবি দলনেতার ‘অ্যাকুস্টিকা লাইভ’ নামের একটি প্রকল্পে সক্রিয়ভাবে অংশ নেন তিনি।
ইত্তেফাক/বিএএফ
