পরকীয়ার জেরে রিমা নামে ৩ সন্তানের জননীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে পাষণ্ড স্বামী বাবুল মিয়া। বুধবার (১৭ ফেব্রুয়ারি) শিবপুর উপজেলার হাজীবাগান গ্রামে এই বীভৎস হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দশ বছর পূর্বে রিমা বেগমের সাথে বিয়ে হয় হাজী বাগান গ্রামের হযরত আলী মীরের পুত্র বাবুল এর সাথে। দুজনের দাম্পত্য জীবনে তিনটি সন্তান জন্মগ্রহণ করে। কিন্তু স্বামীর পরকীয়া নিয়ে স্ত্রী রিমার সাথে বাবুলের প্রায়ই ঝগড়া হত। বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ব্যাপক কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবুল ধারালো অস্ত্র দিয়ে রিমাকে কুপিয়ে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত গৃহবধূ রিমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নরসিংদীর পিবিআই ও সিআইডি পুলিশের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইত্তেফাক/এসসিএস
