জন্ম ১৯৩১ সালের ১৯ ফেব্রুয়ারি বিক্রমপুরের টোল বাসাইল গ্রামে। মীজানুর রহমান খ্যাতি অর্জন করেন নিজের নামের সাময়িকপত্র ‘মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা’র সম্পাদক হিসেবে। এই পত্রিকার বৃক্ষ ও পরিবেশ সংখ্যা, পক্ষী সংখ্যা, নদী সংখ্যা, গণিত সংখ্যা, শামসুর রাহমান সংখ্যা প্রভৃতি বিশেষ সংখ্যা বাংলাভাষার সাময়িকপত্রের ভাণ্ডারে অমূল্য সম্পদ। ১৯৪৬ সালে হাতে লেখা কিশোর পত্রিকা ‘মুয়াজ্জিন’ সম্পাদনার মধ্য দিয়ে সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৪৮ সালে ঢাকা থেকে প্রকাশ করেন পাকিস্তানের প্রথম কিশোর পত্রিকা ‘ঝংকার’।
তিনি শুধু সম্পাদকই ছিলেন না, লেখকও ছিলেন। অনবদ্য ভাষাশৈলী, সরস বর্ণনাভঙ্গি, তীক্ষ পর্যবেক্ষণশক্তি ও গভীর ইতিহাসবোধ তাঁর বিশেষ বৈশিষ্ট্য। তাঁর প্রকাশিত বই তিনটি—কমলালয়া কলকাতা, কৃষ্ণ ষোলোই ও ঢাকা পুরাণ।
২০০৬ সালে কলকাতায় চিকিত্সারত অবস্থায় মৃত্যুবরণ করেন।
