সমালোচনার মাঝেই কাজ করতে হবে :আইরিন

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:১০

মডেলিং থেকে চলচ্চিত্রে পা রাখেন অভিনেত্রী আইরিন সুলতানা। অভিনয় প্রতিভা আর পরিশ্রমে নিয়মিত কাজ করছেন ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে। নিজের ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে তিনি কথা বললেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন এ এম রুবেল

বর্তমানে কোন কাজগুলোতে নিজেকে সম্পৃক্ত রেখেছেন?

সম্প্রতি কয়েকটি ছবির কাজ শেষ করেছি। বর্তমানে নতুন কোনো সিরিজ বা চলচ্চিত্রের কাজ হাতে নেই। তবে অনন্যা প্রতিভা নামের একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করছি। 

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন। এখন চলচ্চিত্রে কাজ করছেন। এই যাত্রা কতটা মসৃণ ছিল?

কোনো কাজের যাত্রাই কিন্তু মসৃণ হয় না। পথে চলতে গেলে তো নানা চড়াই-উত্রাই পার হতেই হবে। আমারও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। ক্যারিয়ারে অনেক স্ট্যাগল করেছি, এখনো করছি। শেষ পর্যন্ত নানা বাঁধা-বিপত্তি পেছনে ফেলেই আমাদের চলতে হবে।

কিছুদিন আগেই আপনি ইন্ডাস্ট্রির স্বজনপোষণ নিয়ে কথা বলেছিলেন। এ বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই?

হ্যাঁ, এটা তো সত্যই। এই স্বজনপোষণের কারণে অনেক কাজ মিস করেছি। করতে করেতে শেষ পর্যন্ত আর করা হয়নি। এমন অনেক ঘটনাই আছে। আমি কাজ করেছি, কিন্তু একই প্রযোজনা সংস্থার কাজ একের পর এক আমি করতে পারিনি বা পাইনি।

এরইমধ্যে ওপার বাংলার ছবিতে কাজ করেছেন। ছবিটির পর আর নতুন কোনো খবরে নেই কেন? দুই ইন্ডাস্ট্রির অভিজ্ঞতাকে কীভাবে মূলায়ন করবেন?

ছবিটির কাজ শেষ হয়েছে। নতুন ছবির খবরও আছে, কিন্তু শুটিংয়ের আগেই এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। কারণ এটা নিয়ে পরে সমস্যায় পড়তে হয়। আগে এমনও হয়েছে যে, মিডিয়ায় বা সবাইকে বলে দিয়েছি কাজটি আমি করছি, পরে দেখা গেছে অন্য কেউ কাজটি করছে। আর অভিজ্ঞতা মূল্যায়ন বলতে, আমাদের ইন্ডাস্ট্রিকে অবশ্যই আমি সম্মান করি। তবে দুঃখজনক হলেও সত্য, ওরা আমাদের চেয়ে টেকনিক্যাল ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। আমরা এখনো সেখানে পিছিয়ে আছি। তাছাড়া ওনারা অনেক গুছিয়ে কাজ করেন।

নতুন মাধ্যম ওটিটি এবং ওয়েব সিরিজে কাজ করছেন। এই মাধ্যম দুটির কমিটমেন্ট, সংলাপ ও দৃশ্য নিয়ে অনেক নেতিবাচক মন্তব্য শোনা যায়। আপনি এ বিষয়ে কী বলবেন?

এই মাধ্যমে আমার কাজের অভিজ্ঞতা ভালো। আমি ভালো গল্প পেলে তবেই কাজটি করি। আর সমালোচনা সব বিষয়েই করা যায়। সেটা ভালো-খারাপ যেটাই হোক। সমালোচনার মাঝেই কাজ করতে হবে। তবে আমি মনে করি অযাচিত কিছু না করে গল্প বা চরিত্রের প্রয়োজনে সেই ধরনের সংলাপ বা দৃশ্য থাকতেই পারে।

আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নানা সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। এমন অবস্থা একজন শিল্পীর ক্যারিয়ারে প্রভাব ফেলছে বলে মনে করেন না?

হ্যাঁ, প্রভাব তো পড়ছেই। আমরা যারা এই মাধ্যমে নিজেকে যুক্ত রাখছি, ক্যারিয়ার গড়ছি তারা যদি সেই মাধ্যমে কাজ না করতে পারি তাহলে তো সেটা তার ক্যারিয়ার, এমনকি ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে। তবে উত্থান-পতন সব জায়গাতেই আছে। এটা মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। এই অবস্থা যে সবসময় থাকবে এমন না। এতে নিরাশ হওয়ার কিছু নেই। মেধা আর শ্রম দিয়ে কাজ করলে শিল্প আর শিল্পের জায়গা নিশ্চয় ভালো অবস্থানে যাবে।