বিতর্ক নিয়ে মুখ খুললেন শ্রুতি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:১২

ক্যারিয়ারে খুব অল্প সময়ে নিজের যোগ্যতায় দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন দক্ষিণী অভিনেত্রী শ্রুতি হাসান। এরইমধ্যে বেশ পোক্ত আসন গড়েছেন বলিউডেও। ক্যারিয়ারে যোগ করেছেন বেশ কয়েকটি অনেক ব্যবসাসফল সিনেমা। সেই ধারাবাহিকতায় এবার তার ক্যারিয়ারে যোগ হতে যাচ্ছে কন্নড় ভাষার সিনেমা। প্রশান্ত নীল পরিচালিত ‘সালার’ শিরোনামের এই সিনেমায় তিনি বাহুবলীর নায়ক প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। তবে সিনেমাটির যাত্রা শুরুর আগেই সমালোচনার শিকার হয়েছেন এই অভিনেত্রী।

জানা গেছে, শ্রুতি প্রায় ৪ বছর আগে এক টুইটে জানিয়েছিলেন, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি তিনি পছন্দ করেন না। এ কারণে তিনি অনেকগুলো কাজ ছেড়ে দিয়েছেন। দীর্ঘদিন পর সেই পুরনো টুইট সামনে এনে নেটিজেনরা তার এমন নেতিবাচক মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ট্রল শুরু করেছেন।

বিষয়টি নিয়ে শ্রুতি বলেন, ‘কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেক অভিনয়শিল্পী, প্রযোজক ও পরিচালকের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। যে টুইট নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছে সেটার বক্তব্য নিয়ে অনেকটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি খুবই উচ্ছ্বসিত এই সিনেমাটির মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পেয়ে।’