মোটরসাইকেল চালক হত্যায় ৩ আসামির মৃত্যুদণ্ড

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৭

যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের ভাড়ায় মোটরসাইকেল চালক ইসরাফিল হোসেনকে হত্যার অভিযোগে তিন আসামির মৃত্যুদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) স্পেশাল ট্রাইব্যুনাল জজ (জেলা জজ) আদালতের বিচারক সামছুল হক এই আদেশ দেন।
 
দণ্ডপ্রাপ্তরা হলো যশোর সদরের ঘুনী মাঠপাড়ার মৃত সেকেন্দার আলী ওরফে সেকেন শেখের ছেলে ইউনুচ আলী শেখ, অভয়নগরের স্বরখোলা গ্রামের মৃত জয়নাল আবেদিন মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা ও কেশবপুরের ভালুকঘর গ্রামের মৃত এয়াকুব আলী খানের ছেলে ইউনুচ আলী খান। দণ্ডপ্রাপ্ত তিনজনই জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০০৯ সালের ২১ ডিসেম্বর অপরিচিত একলোক মোটরসাইকেল ভাড়া নিয়ে যশোর সদরের দেয়াপাড়া ঘুনি গ্রামের ইউনুচের বাড়ি নিয়ে আসে। এরপর ইসরাফিল হোসেনের আর খোঁজ মেলেনি। তাকে শ্বাসরোধে হত্যার পর মাটিচাপা দেয়া হয়। পরে নিখোঁজের ছেলে ইউসুফ আলী বাদী হয়ে ইউনুচ, ইব্রাহিম ও মুজিবরকে আসামি করে মণিরামপুর থানায় হত্যা মামলা করেন। 

মামলার তদন্তকালে ২০১০ সালের ২৩ জানুয়ারি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ইউনুচ শেখ ও ইব্রাহিমকে আটক করেন তদন্তকারী কর্মকর্তা। তারা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। এদের স্বীকারোক্তিতে অপর আসামি ইউনুচ খানকে আটক করা হয়। সেও হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। 

ইত্তেফাক/এসসিএস