তিন বছর পূর্তি উদ্যাপন করেছে আর্থিক প্রতিষ্ঠান লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেড। শ্রীলংকার রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক পিপলস ব্যাংকের সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই আর্থিক প্রতিষ্ঠানটি আগামী বছরগুলোতে ব্যবসার পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান জওহর রিজভী, প্রধান নির্বাহী কান্তি কুমার শাহ, পরিচালক ফাহিমা খাতুন বক্তৃতা করেন। এতে জানানো হয়, দেশে ব্যবসা করা ননব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লংকান অ্যালায়েন্স যাদের কোনো খেলাপি ঋণ নেই। আগামীতে ব্যবসা আরো বিস্তৃত করার অভিপ্রায় ব্যক্ত করে প্রধান নির্বাহী কান্তি কুমার শাহ বলেন, বর্তমানে আমাদের সেবার আওতায় আছে অটো লোন, হোম লোন, করপোরেট লোন, এসএমই লোন, এমএফআই লোন, স্ট্রাকচার্ড ফাইন্যান্স এবং ডিপোজিট স্কিম। আগামী তিন বছরের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে বলে জানান তিনি।
কান্তি কুমার শাহ জানান, আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি তাতে ২০২১ সালে কোম্পানিটির লোন পোর্টফোলিও হবে ৩৬৯ কোটি টাকা এবং নিট মুনাফা হবে ১০ কোটি টাকা। পরের বছর ২০২২ সালে ৫৫৪ কোটি টাকা লোন পোর্টফোলিও হবে এবং নিট মুনাফা হবে ১৪ কোটি টাকা। আর ২০২৩ সালে ৭৩৪ কোটি টাকা লোন পোর্টফোলিও এবং ১৭ কোটি ৩০ লাখ টাকা নিট মুনাফার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে কোম্পানিটির চেয়ারম্যান জওহর রিজভী বলেন, লংকান অ্যালায়েন্স ফাইন্যান্সে বিশ্বমানের রিস্ক ম্যানেজমেন্ট ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে আমাদের পরিচালকরা সম্পূর্ণরূপে প্রফেশনাল। করোনা মহামারির মধ্যেও আমরা কোনো কর্মী ছাঁটাই বা বেতন হ্রাস করিনি।
