বিডি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৯

শেয়ারবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৬ শতাংশ বোনাস লভ্যাংশ। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। আর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণের জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ মার্চ। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮০ টাকা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১.১২ টাকা। এককভাবে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৮৬ টাকা। আগের বছরের একই সঙ্গে এনএভিপিএস ছিল ১৬.৩৭ টাকা।