ঝিনাইদহে হাটবাজার থেকে শুরু করে পাড়া-মহল্লায় বেড়েছে পলিথিনের বিক্রি ও ব্যবহার। বেশ কয়েক বছর আগে দেশে পলিথিনের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। তখন বিক্রি কিছুটা কমলেও বন্ধ করা সম্ভব হয়নি পলিথিনের ব্যবহার। ফলে বাড়ছে পরিবেশ দূষণ। সরেজমিনে দেখা যায়, মানুষের হাতে হাতে ঘুরছে পলিথিনের ব্যাগ। মাছ, মাংস, সবজি, ডালসহ নানা পণ্য পলিথিনের ব্যাগে বিক্রি করা হচ্ছে। ক্রেতারা পলিথিন ব্যাগে পণ্য নিয়ে বাড়ি ফেরেন। এ ছাড়াও বিভিন্ন পণ্য পলিথিনের মোড়কে প্যাকিং করে বাজারজাত করা হচ্ছে।
এদিকে পলিথিনের ব্যাগ ব্যবহারের পর যত্রতত্র ফেলা হচ্ছে। বেশির ভাগ পলিথিন ব্যবহারের পর নদী ও খালে ফেলা হয়ে থাকে। এতে পানি দূষণ ঘটছে। ড্রেনগুলোতে পলিথিনের জ্যাম লেগে বাধাগ্রস্ত হচ্ছে পয়োনিষ্কাশন ব্যবস্থা। এবিষয়ে ঝিনাইদহ ক্যাবের সভাপতি মো. আমিনুর রহমান টুকু বলেন, দোকানদার ও ভোক্তার পলিথিন বর্জনের মনোভাব থাকতে হবে। সে সঙ্গে দরকার আইনের কঠোর প্রয়োগ। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে পলিথিনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। পলিথিন জব্দ ও বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়ে থাকে।
