হারাগাছ পৌরসভা নির্বাচন

আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী জয় পেতে মরিয়া বিএনপি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৬

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার নির্বাচনি প্রচারণা জমে উঠেছে। গত পৌর নির্বাচনে অংশ নেওয়া দুই শক্ত প্রতিদ্বন্দ্ব্বী ছাড়াও আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী এবার মেয়র পদে লড়াই করছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর শক্ত অবস্থানের বিষয়কে কাজে লাগিয়ে জয় পেতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন—আওয়ামী লীগের প্রার্থী (নৌকা প্রতীক) ও বর্তমান মেয়র হাকিবুর রহমান, বিএনপির প্রার্থী (ধানের শীষ) মোনায়েম হোসেন ফারুক এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (নারকেল গাছ প্রতীক) এরশাদুল হক। পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি হারাগাছ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার হারাগাছ পৌরসভার নির্বাচনি এলাকায় গিয়ে দেখা যায়, নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। ৪ নম্বর ওয়ার্ডের নয়াটারী মহল্লার ব্যবসায়ী চমন মিয়া বলেন, ‘মেয়র পদে তিন প্রার্থীরই প্রভাব রয়েছে। তিন জনই ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন।’ বিএনপির প্রার্থী মোনায়েম হোসেন ফারুক বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থাকবেই। তবে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় বিএনপির জন্য সুবিধা হয়েছে।’ মেয়র প্রার্থী হাকিবুর রহমান বলেন, ‘জনগণ পুনরায় নৌকা প্রতীককেই বেছে নেবেন। বিদ্রোহী প্রার্থী কোনো প্রভাব ফেলবে না, সব ঠিক হয়ে যাবে।’ 

রংপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও হারাগাছ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘ইভিএমের মাধ্যমে হারাগাছ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বিঘ্নে ভোটাররা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ভোটারদের সুবিধার্থে মক ভোটিং ও ইভিএম প্রদর্শনী হবে।’