সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৮

স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ার গৈলা মডেল ইউনিয়নে বৃহস্পতিবার নতুন প্রজন্মের ১ হাজার ৫০০ জনের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করা হয়েছে। গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চত্বরে বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর শুভেচ্ছা স্মারকসংবলিত নতুন প্রজন্মের নাগরিকদের পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত।

বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার অগ্রগতি প্রতিবেদন প্রকাশ

দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ড. খলিলুর রহমান বলেছেন, সমন্বিত ইমপ্যাক্টের মাধ্যমে সরকারের জাতীয় পুষ্টি কর্মসূচিকে সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। বৃহস্পতিবার সুনামগঞ্জে বহু খাতভিত্তিক বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ২০১৯-২০-এর অগ্রগতি প্রতিবেদন প্রকাশ ও কালেকটিব ইমপ্যাক্টের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গির হোসেন। সভার মূল প্রতিবেদন উপস্থাপন করেন সুনামগঞ্জের সিভিল সার্জন সামসুদ্দিন। এর আয়োজন করে জেলা পুষ্টি সমন্বয় কমিটি।

ডোমারে কৃষি যন্ত্রপাতি বিতরণ

ডোমার (নীলফামারী) সংবাদদাতা মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রংপুর বিভাগ ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ডোমার উপজেলায় গঠিত কৃষক গ্রুপের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।