ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা অপ্রকাশিত থাকা রাষ্ট্রীয় ব্যর্থতা :তথ্যমন্ত্রী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৭

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকাকে প্রকাশ না করা ছিল জাতীয়ভাবে ভুল ও রাষ্ট্রীয় ব্যর্থতা এবং যারা বঙ্গবন্ধুর ভূমিকাকে খাটো করে দেখানোর অপচেষ্টা করেছেন, তারা অন্যায় করেছেন। গতকাল জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে প্রেসক্লাব আয়োজিত ‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু’ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে ও ক্লাবের আন্তর্জাতিক লিয়াজোঁ উপ-কমিটির আহ্বায়ক আইয়ুব ভুঁইয়ার সঞ্চালনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্বজিত্ ঘোষ, বাংলা একাডেমির সভাপতি ড. শামসুজ্জামান খান, সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান এবং প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুল আলম আলোচনায় অংশ নেন। সেমিনারে ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে রাষ্ট্রভাষা আন্দোলন ও বাংলার বিশ্বব্যাপ্তি’ মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

এদিকে গতকাল তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের বিদায়ি মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদকে সংবর্ধনা জানানো হয়। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, তথ্যসচিব খাজা মিয়া, প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহানারা পারভীনসহ কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।