বিপুল পরিমাণ তাজা ককটেল ও আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে র্যাব-১১-এর একটি দল। গতকাল ভোরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৪৪টি তাজা ককটেল ও তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ বেশ কিছু দেশীয় অস্ত্র। গতকাল র্যাব-১১ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম সংবাদ সম্মেলনে জানান, গতকাল ভোরে ডাকাত দলটি অস্ত্রসহ প্রস্তুতি নিয়ে লক্ষ্মীপুর জেলা সদরের কলেজ রোড এলাকার একটি স্বর্ণের দোকানে ডাকাতির উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংঘবদ্ধ হয়ে অবস্থান করছিল। আটককৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।
