গোবিন্দগঞ্জে দুই হাত ছেড়ে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাইল ফলকের সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধু নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এদিকে রাজধানীর কাকরাইলে মাইক্রোবাসের ধাক্কায় গোলাম নবী (৪৭) নামে ডিএসসিসির এক পরিছন্নতাকর্মী মার গেছেন। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
গাইবান্ধা :গোবিন্দগঞ্জ উপজেলায় (হ্যান্ডেল থেকে) দুুুুুুুুুুুুুুুুুুুুুই হাত ছেড়ে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাইল ফলকের সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধু নিহত হয়েছে। গতকাল গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের পানিতলা-রাজাবিরাট সড়কের একঢালা বটতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের কোপা গ্রামের শাহজাহান আলীর ছেলে মো. আব্দুল্যাহ (১৮) ও শরিফুল ইসলামের ছেলে শাকিব মিয়া (১৮) এবং একই উপজেলার দাড়িদহ সোবাহানপুর গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে সুমন মিয়া (১৭)। তিন বন্ধু একই মোটরসাইকেলযোগে পানিতলা বাজার থেকে রাজাবিরাট এলাকার দিকে যাচ্ছিল। রাস্তা ফাঁকা পেয়ে চালক হাত ছেড়ে দিয়ে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইলফলকের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা লাগে।
চাঁপাইনবাবগঞ্জ :ট্রাকচাপায় পলিটেকনিক ইনস্টিটিউটদের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার গনকা মিল্কী মহল্লার সেরাজুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম (২০) ও গোপালগঞ্জ জেলার রেজাউল করিম সেলিমের ছেলে মোস্তাফিজুর রহমান (২০)। মোস্তাফিজুরের বর্তমান ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আরামবাগ মহল্লা। গতকাল চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বারঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খাগড়াছড়ি :সদরের বড়পাড়া সড়কের আমলাই হাদুক গ্রামে গত বুধবার চাঁদের গাড়ি উলটে দুই জন নিহত ও তিন জন আহত হয়েছেন। নিহতরা হলেন, হরেন্দ্র ত্রিপুরা ও গণেশ্বর ত্রিপুরা। তাদের বাড়ি আমলাই হাদুক পাড়া গ্রামে।
গোপালগঞ্জ :পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ও সহকারী নিহত হয়েছে। গতকাল ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মুডাগাছা দক্ষিণপাড়া গ্রামের চালক সজিব মৃধা (৩৩) ও ঝিনাইদহ জেলার চাপরী গ্রামের সাহিন বিশ্বাস সহকারী (৩২)।
ভালুকা (ময়মনসিংহ) :ভালুকায় ইউটার্ন নেওয়ার সময় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার সিডস্টোর উত্তর বাজার মুটকিবাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাশিল গ্রামের হামিদ কারী (৫০) ও মেহেরাবাড়ি গ্রামের ফজলুল হকের ছেলে জাকির হোসেন (২০)।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) :ভূরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় রাসেল (১৫) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। রাসেল উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মুকুল মিয়ার পুত্র। গতকাল উপজেলার জয়মনিরহাট বাজার থেকে দেওয়ানের খামার কবরস্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে।
