ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদা আদায়!

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৭

শিবচরের সূর্যনগরে ক্রসফায়ারের ভয় দেখিয়ে সুজন শেখ নামে এক বিকাশ এজেন্টের কাছ থেকে চাঁদা আদায়ের ঘটনায় বৃহস্পতিবার মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমানের আদালতে দুই পুলিশ সদস্য তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সুজন শেখ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাড়ইভাঙ্গা গ্রামের আব্দুল হকের ছেলে। মামলার আসামিরা হলেন শিবচরের দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মাহাবুব ও কনস্টেবল সোহাগ এবং সূর্যনগর এলাকার মোবাইল ব্যবসায়ী টোকন বেপারী। মামলার বিবরণ থেকে জানা যায়, ১৬ ফেব্রুয়ারি বিকেলে পদ্মা সেতু এলাকা ভ্রমণ করে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফেরার পথে সূর্যনগর এলাকায় সাদা পোশাকধারী এএসআই মাহাবুব ও কনস্টেবল সোহাগ তার কাগজপত্র দেখতে চান। পুলিশ সদস্যদ্বয় এটি চোরাই মোটরসাইকেল উল্লেখ করে ৫ লাখ টাকা দাবি করেন। মোটরসাইকেলের কাগজপত্র সঠিক দাবি করে সুজন শেখ টাকা দিতে অস্বীকার করেন। এ সময় দুই পুলিশ সুজনকে ক্রসফায়ারের ভয় দেখান। এরপর পুলিশ দুজন মোবাইল ব্যবসায়ী টোকন বেপারীর দোকানে গিয়ে সুজনের বিকাশ অ্যাকাউন্ট থেকে ১ লাখ ১০ হাজার টাকা তুলে নিয়ে সুজনকে ছেড়ে দেন। সুজন শিবচর থানায় মামলা করতে গেলে পুলিশ তাকে চলে যেতে বলে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সুজন শেখ দুই পুলিশ ও মোবাইল ব্যবসায়ীর বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমানের আদালতে মামলা দায়ের করেন।