২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৩

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৯১ জন। গতকাল বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তের হার কমেছে।

গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৯১ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪২ হাজার ২৬৮ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১৫ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৩২৯ জনে               দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৬৭৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৯ হাজার ৯৩২ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৭টি আরটি-পিসিআর ল্যাব, ২৯টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৬৮টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ২১৪টি ল্যাবে ১৪ হাজার ৬০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৯ লাখ ৮ হাজার ২৫৭টি নমুনা।