তুষারঝড়

মানবিক সংকটের মুখে টেক্সাস পানি বিদ্যুতের জন্য হাহাকার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৩

তুষার ঝড়ের ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য ব্যাপক মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। হাড়হিম করা ঠান্ডায় মানবেতর জীবন যাপন করতে হচ্ছে মানুষকে। তুষারপাতের ফলে পরিস্থিতি এতই শোচনীয় হয়ে পড়েছে যে, খাবার পানিরও সংকট দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে হাতের কাছে গরম পানি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তুষারঝড়ের কবলে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনের বেশি। এখনো বিদ্যুত্হীন রয়েছে লাখ লাখ মানুষ। আগামী দুই দিনের মধ্যে আরো তুষারঝড় আঘাত হানতে পারে দেশটিতে।

জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশের বেশি এলাকা তুষারে ঢাকা পড়েছে। সবচেয়ে নাজুক অবস্থা টেক্সাস, লুইজিয়ানা ও ওয়েস্ট ভার্জিনিয়ার। শুধুমাত্র টেক্সাসেই প্রায় ৪০ লাখ মানুষ এখনো অন্ধকারে দিনযাপন করছেন। বিকল্প উপায়ে মানুষ বাড়িঘর গরম রাখার ব্যবস্থা করে যাচ্ছেন। তার পরেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন ঘরে আটকে পড়া মানুষজন। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, সড়কে যানবাহনও বের হতে পারছে না। তুষারপাতের কবলে বিদ্যুতের গ্রিড বারবার ব্যর্থ হচ্ছে। এর ফলে টেক্সাসের কর্মকর্তাদের কড়া সমালোচনা করা হচ্ছে। রাজ্য জুড়ে জ্বালানির যে চাহিদা বৃদ্ধি পেয়েছে তা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না কোম্পানিগুলোর।

গত মঙ্গলবার আকস্মিকভাবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব দিক থেকে টর্নেডোর গতিতে এই ঝড় আঘাত হানে। এর ফলে তীব্র শীতের ভেতর তাপমাত্রা আরো কমে যায়। মানুষ থরথর করে কাঁপতে থাকে। বিছিন্ন হয়ে যায় করোনা ভাইরাসের টিকাদান কেন্দ্রগুলো। বাধাগ্রস্ত হচ্ছে টিকা সরবরাহ ব্যবস্থাও। দক্ষিণ টেক্সাসের কর্মকর্তারা বাসার ভেতর কোনো খাবার গ্রিল করতে            বা ঘরের ভেতর গরম রাখার হিটার চালু না রাখতে অনুরোধ করেছেন। হাসপাতালগুলোকে উষ্ণ রাখার জন্য কর্তৃপক্ষ সেখানে কৃত্রিমভাবে আগুন জ্বালানোর ব্যবস্থা করেছে। তুষারঝড় ও মারাত্মক ঠান্ডা থেকে বাঁচতে সাধারণ মানুষকে গরম পোশাক পরে থাকতে বলা হয়েছে। আমেরিকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে তাপমাত্রা রেকর্ড মাত্রায় নেমে গেছে।