পূর্বঘোষিত সমাবেশে অংশ নিতে বরিশালে যাওয়ার পথে মাওয়া ফেরিঘাটে বাধার সম্মুখীন হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির পরাজিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও উত্তরের সিটি করপোরেশনের পরাজিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে দেখে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয় বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার গোপীবাগের নিজ বাসা থেকে রওনা হওয়ার পর মাওয়া ঘাটে তার গাড়িবহর এসে পৌঁছালে বিআইডব্লিউটির কর্মকর্তা-কর্মচারীরা ফেরি বন্ধ করে চলে যান বলে অভিযোগ করেন ইশরাক। এ সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ফেরি চলাচল শুরু না হলে লঞ্চে করে সমাবেশের উদ্দেশে রওনা হন ইশরাক ও বিএনপির নেতাকর্মীরা। পদ্মার ওপারে কাঁঠালবাড়ী ঘাটে পৌঁছানোর পর আবারও বাধার সম্মুখীন হন বলেও অভিযোগ করেন ইশরাক। সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
এদিকে জানা গেছে, গতকাল সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ করে রাখে কর্তৃপক্ষ। এদিকে দীর্ঘক্ষণ ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় হাজারো সাধারণ যাত্রী ও তিন শতাধিক যানবাহন আটকে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের ট্রাফিক ইনচার্জ (টিআই) নাজমুল রায়হান। তিনি জানান, গতকাল সকাল ৭টার আগে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। ৭টার দিকে ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল ঘাটে আসেন। প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পর সকাল ৯টার দিকে তাবিথ আউয়াল সি-বোটে ও ইশরাক হোসেন নেতাকর্মীদের নিয়ে এমভি মাসুম-২ নামের লঞ্চে করে পদ্মা পাড়ি দেন। পরে বেলা ১২টার দিকে আবারও ফেরি চালু হয়।
বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বরিশালের মহাসমাবেশে যাওয়ার পথে পথে বাধা দেওয়ার ঘটনার নিন্দা জানানো হয়েছে।
রাজধানীতে বিক্ষোভ মিছিল
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইলের আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাকরাইল সংলগ্ন কর্ণফুলী গার্ডেন সিটির সামনে থেকে একটি মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
