বিডিনিউজসহ গণমাধ্যমের ওপর অনৈতিক চাপ প্রয়োগে ডিইউজের উদ্বেগ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৭

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাহী পরিষদের সভা বৃহস্পতিবার ডিইউজে কার্যালয়ে সংগঠনের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াত সাংবাদিক নেতা জহর লাল চন্দ্র দাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও তার কর্মময় জীবনের ওপর আলোচনা করা হয়। সভায় সভাপতির বক্তব্যে কুদ্দুস আফ্রাদ বলেন, বিডিনিউজসহ গণমাধ্যমের ওপর অনৈতিক চাপ প্রয়োগ উদ্বেগজনক। তিনি দেশের সব গণমাধ্যমে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি জানান। এছাড়া নিয়োগপত্র ছাড়া সাংবাদিক নিয়োগের অপতত্পরতারও তীব্র নিন্দা জানান তিনি। প্রারম্ভিক বক্তব্যে সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, করোনার অজুহাত দেখিয়ে গণমাধ্যমে বেতন হ্রাস, ছাঁটাই ও বাধ্যতামূলক ছুটি দেওয়ার পাঁয়তারা চলছে। বকেয়া বেতন-ভাতা আদায়ে তিনি সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের চাকরি সুরক্ষাসহ গণমাধ্যম শিল্পরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। এ অবস্থায় গণমাধ্যম শিল্প ও সমাজে অস্থিরতা তৈরির দায় মালিকদেরই নিতে হবে। অবিলম্বে এ বিষয়ে সরকারের জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান ডিইউজে নেতারা।

সভায় সহসভাপতি এম এ কুদ্দুস, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

-প্রেস বিজ্ঞপ্তি।