লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেলকে তার পদ থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার উপসচিব মোহাম্মদ শামছুল হক এক প্রজ্ঞাপন জারি করেন। একই সাথে চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ মো. রাহিদ হোসেনকে পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেলের বিরুদ্ধে রামগতি উপজেলা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ জন সদস্য ২০২০ সালের ২৮ জুলাই বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে অনাস্থা প্রস্তাব দেন। এই অনাস্থা প্রস্তাবের আলোকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার জহিরুল ইসলাম তদন্ত শুরু করেন।
সরেজমিনে তদন্তে এসে অতিরিক্ত বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিভিন্ন অনিয়মের তদন্ত করেন। এসময় পরিষদের ১৩ সদস্যসহ দুইজন সরকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করেন। এ অনাস্থা প্রস্তাবে পৌর মেয়র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আটজন ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সংরক্ষিত দু’জন নারী সদস্যসহ ১২ সদস্য স্বাক্ষর করেন।
অনাস্থা প্রস্তাবে আনিত কয়েকটি অভিযোগ গুলোর মধ্যে অবৈধ ভাবে সরকারী গাছ কাটা ও কুকুরের কামড়ের ভ্যাকসিন যথাযথ সরবরাহ না করার অভিযোগ অতিরিক্ত বিভাগীয় কমিশনারের তদন্তে প্রমাণিত হওয়ায় এবং পরিষদের চার-পঞ্চমাংশ সদস্য কর্তৃক অনাস্থা প্রস্তাব গৃহীত হওয়ায় উপজেলা পরিষদের আইনে রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেলকে স্বীয় পদ থেকে অপসারণ করে পদটি শূন্য ঘোষণা করেন একই সাথে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ মো. রাহিদ হোসেনকে পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হয় মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করেন।
প্রজ্ঞাপন জারি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন।
ইত্তেফাক/এমআর
