সিরাজগঞ্জের তাড়াশে নওগাঁ ইউনিয়নের বড়সিলা থেকে নওগাঁ ভাংশিংপাড়া রাস্তার মাঝে নির্মিত সেতু থাকলেও নেই দুই পাশের সংযোগ সড়ক। যার কারণে সেতুর উপর দিয়ে যাতায়াতও নেই।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় গ্রামীণ জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে ২০১৮-১৯ অর্থবছরে ২৫ লাখ ৭৪ হাজার ৬শ ৭১ টাকা ব্যয়ে ৩২ ফুট দৈর্ঘ্যের এ সেতুটি নির্মাণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, সেতুর সংযোগ সড়ক না থাকায় সেতুর নিচে বোরো ধানের জমির আইল দিয়েই যাতায়াত করছে স্থানীয়রা। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছে ফসলি জমিও। ভুক্তভোগীরা জানান, সেতুটি নির্মাণের পর দুই পাশে নামমাত্র মাটি ফেলা হয়। যা সামান্য বৃষ্টিতেই ধ্বসে গেছে। এরপর বছর কেটে গেলেও আর ঠিক করা হয়নি।
এ প্রসঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুর মামুন ইত্তেফাককে বলেন, সেতুর দুই পাশে মাটি দেওয়া হয়েছিলো। কিন্তু বৃষ্টিতে ধ্বসে গেছে। শিগগিরই অন্য কোনও প্রকল্পের আওতায় মাটি ফেলে সেতুটি চলাচল উপযোগী করা হবে।
ইত্তেফাক/এসসিএস
