বিনোদন রিপোর্ট
প্রকাশক খন্দকার সোহেল বরাবরই নিজেস্ব ছন্দে, নান্দনিকতায় কাজ করতে পছন্দ করেন। তাই নিজের প্রকাশনা ব্যবসাটিও প্রচলিত পথের বাইরে নিয়ে হাঁটার চেষ্টা করেন। দীর্ঘদিন ধরেই গণমাধ্যমে আমরা যখন সিনিয়র তারকাদের কাজ সংগ্রহের বিষয়টি আলোচনায় আনছি তখনই সোহেল দারুণ এক উদ্যোগ নিলেন। একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও কাহিনিকার গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে একটি বিশেষ বই প্রকাশ হতে যাচ্ছে বর্তমান সময়ের পাঠকপ্রিয় প্রকাশনা ‘ভাষাচিত্র’ থেকে। ‘ভাষাচিত্র’র কর্ণধার খন্দকার মনিরুল ইসলামের ভাষ্যমতে, গাজী মাজহারুল আনোয়ারের ‘অল্প কথার গল্প গান’ হতে যাচ্ছে সমকালীন বাজার সাহিত্য উঁজিয়ে চিরকালের একটি বই। সাংবাদিক অভি মঈনুদ্দীনের সমন্বয়ে গাজী মাজহারুল আনোয়ার তার পুত্র উপলের সঙ্গে খন্দকার মনিরুল ইসলামের আলাপচারিতার এক পর্যায়ে গিয়ে এই বই প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। খন্দকার মনিরুল ইসলাম জানান, এটি একটি ধারাবাহিক প্রকাশনা। প্রতিটি খণ্ডে প্রকাশিত হবে বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী গাজী মাজহারুল আনোয়ারের রচিত বিভিন্ন গানের কথা এবং কালজয়ী ও আলোচিত বিভিন্ন গান রচনার প্রেক্ষাপট, গান রচনার গল্প। প্রতিটি খণ্ডে থাকবে ৫০টি গান রচনার গল্প ও ২০০টি গানের কথা।
গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘আমার দুই সন্তান উপল ও দিঠির অনেকদিনের ইচ্ছের ফসল এই অল্প কথার গল্প গান। বইটির নেপথ্যে যারা আছে তাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা, দোয়া। ধন্যবাদ ভাষাচিত্রের কর্ণধার খন্দকার মনিরুল ইসলামকে। তার আন্তরিক চেষ্টার কারণেই খুব অল্প সময়ে বইটি আলোর মুখ দেখছে।’ আগামী ২২ ফেব্রুয়ারি গাজী মাজহারুল আনোয়ারের জন্মদিনে বইটি প্রকাশ পাবে।
