প্রিয় মানুষকে হারিয়ে তিন্নি...

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৪

 

তিন্নি আমাদের এই শোবিজ ইন্ডাস্ট্রির সফল এক অভিনেত্রীর নাম। এক সময় তুমুল ব্যস্ত থাকা এই শিল্পী দীর্ঘদিন ধরে কানাডার টরন্টোতে বাস করছেন। তবে ভার্চুয়াল যোগাযোগের এই পৃথিবীর তিন্নির সঙ্গে সকলেরই খুব স্বাভাবিক যোগাযোগ। সম্প্রতি ব্যক্তিজীবনের সবচেয়ে প্রিয় মানুষকে হারালেন তিনি। একজন মডেল, অভিনেত্রী কিংবা নায়িকা হওয়ার ক্ষেত্রে যে মানুষটি তাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিতেন, সেই প্রিয় ঠাকুমা বাসন্তী রানী দত্তকে হারিয়েছেন তিন্নি। বাসন্তী রানী দত্তর বয়স হয়েছিল ৯৫ বছর। গত ১৩ ফেব্রুয়ারি তিনি মারা যান। মিডিয়া জীবনে চলার পথে যে মানুষটি তাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিতেন তাকে হারিয়ে ভীষণ কষ্ট পেয়েছেন তিন্নি। বিভিন্ন সাক্ষাত্কারেও তিন্নি তার এই ঠাকুমার কথা বলতেন। টরন্টো থেকে মুঠোফোনে বলেন, ‘আমার ঠাকুমা ছিল আমার জান, আমার প্রাণ। তাকে হারিয়ে কতটা যে কষ্ট পাচ্ছি তা আসলে ভাষায় প্রকাশের নয়, ঠাকুমার বয়স হয়েছিল ৯৫ বছর। তারপরও কিন্তু তিনি বেশ সুস্থ-সবলই ছিলেন। ঠাকুমা নেত্রকোনা জিলা মহিলা পরিষদের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ছিলেন। আবার নেত্রকোনা জেলা সমাজসেবা বিভাগের শিক্ষিকাও ছিলেন তিনি। তিনিই ছিলেন আমার চলার পথের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তার এই হঠাত্ চলে যাওয়াটা মানসিকভাবে আমাকে অনেকটাই ভেঙে দিয়েছে। কারণ আমার ঠাকুমা ছিলেন আমার জানের টুকরা। জীবনে অনেক কষ্ট পেয়েছি আমি। কিন্তু আমার ঠাকুমা চলে যাওয়ার মতো কষ্ট আমি পাইনি কখনো। আমি সবার কাছে আমার ঠাকুমার আত্মার শান্তির জন্য আশীর্বাদ কামনা করছি। আর আমার জন্যও দোয়া করবেন আমি যেন আমার একমাত্র আদূরে কন্যা ওয়ারিশাকে নিয়ে ভালো থাকতে পারি।’