রয়টার্স
লাদাখে গত বছরের জুনে ভারতের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে চীনের পাঁচ সেনা নিহত হয়েছিল বলে জানিয়েছে বেইজিং। সংঘাতের আট মাস পর শুক্রবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথম নিজেদের সৈন্যদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করল। নিহত কুই ফাবাও, চেন হোংজান, চেন জিয়াংরং, জিয়াও সিয়ুয়ান ও ওয়াং ঝুরানকে দেশটি মরণোত্তর সম্মাননা দিয়েছে।
চীনের গণমাধ্যম বলেছে, চুক্তি লঙ্ঘন ও সীমান্ত অতিক্রম করে চীনে ঢুকে পড়া ‘বিদেশি সেনাদের’ বিরুদ্ধে ‘মরণপণ লড়াইয়ে’ এ চার সেনা মারা যায়। জুনে লাদাখে ঐ সংঘাতের জন্য চীন ও ভারত একে অপরকে দোষারোপ করে আসছে। সীমান্তের ঐ সংঘাতে গোলাগুলি হয়নি, দুই পক্ষই পাথর ও গদা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। রক্তক্ষয়ী এ সংঘর্ষে নিজেদের ২০ সেনা নিহতের বিষয়টি নিশ্চিত করেছিল ভারত। চীন সে সময় তাদেরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানালেও হতাহতের সংখ্যা জানায়নি। গতকাল চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ঐ পাঁচ নিহতের নাম প্রকাশ করে। এর মধ্যে চেন জিয়াংরংকে ‘গার্ডিয়ান অব দ্য ফ্রন্টিয়ার হিরো’, ফাবাওকে ‘হিরো রেজিমেন্টাল কমান্ডার’, চেন হংজুনকে ‘হিরো টু ডিফেন্ড দ্য বর্ডারের’ স্বীকৃতি দেওয়া হয়েছে। বাকি তিন জনকে প্রথম শ্রেণির সম্মাননা দেওয়া হয়েছে। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লাদাখ সীমান্ত নিয়ে দিল্লি-বেইজিং সমঝোতা হয়েছে এবং প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ থেকে দুই দেশের সেনারা আগের অবস্থানে সরে যাচ্ছে বলে জানিয়েছেন।
