চিত্রকে নিসার হোসেনের ‘ষাট বছরের খতিয়ান’

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৯

ইত্তেফাক রিপোর্ট

শিল্পী নিসার হোসেনের চিত্র প্রদর্শনীর আয়োজনের মধ্য দিয়ে নতুন করে পথচলা শুরু করল গ্যালারি চিত্রক। নতুন ভবন নির্মাণের পর আগের ঠিকানায় ফিরেছে গ্যালারিটি। গতকাল শুক্রবার ধানমন্ডির চার নম্বর সড়কে গ্যালারি চিত্রকে ‘ষাট বছরের খতিয়ান’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন, প্রকৌশলী ময়নুল আবেদিন ও শিল্পানুরাগী কাজী আনিসুল মুকিত। স্বাগত বক্তব্য রাখেন গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান।

শিল্পীর ৬০তম জন্মদিনে শুরু হচ্ছে তার সারাজীবনের সৃজিত শিল্পকর্মে সজ্জিত রেট্রোসপেকটিভ ‘ষাট বছরের খতিয়ান’। শিল্পী নিসার হোসেন তার ক্যানভাসে আঁকা ছবি দেওয়ালের শোভা বর্ধনের পরিবর্তে মেলে ধরে বিকারগ্রস্ত সময়কে। সমাজে ঘটে যাওয়া যেসব কুিসত বিষয়কে আমরা দেখাতে চাই না সেটাকেই তিনি ক্যানভাসে তুলে ধরেন। প্রকৃত বাস্তবতাকে দাঁড় করাতে দর্শকের সামনে। তিনি ক্যানভাসে ধারণ করেছেন সময়ের দাবদাহকে। নিরপেক্ষ বিবেকবোধের মাধ্যমে প্রতিনিধিত্ব করেছেন দুঃসময়ের। সেই সঙ্গে উন্মোচিত করেছেন মৌলবাদের বীভত্সতা চেহারাকে। প্রদর্শনী প্রসঙ্গে শিল্পী নিসার হোসেন বলেন, ‘একসময় সরাসরি রাজনীতি করতাম। সে কারণে নানা বিষয় আমাকে তাড়িত করে। মুক্তিযুদ্ধের বিরোধিতা থেকে শুরু করে ধর্মান্ধতা, মৌলবাদ কিংবা রাজনৈতিক অনাচার আমাকে যন্ত্রণা দেয়। ক্যানভাসে ছবি আঁকার মাধ্যমে আমি সেই যন্ত্রণা থেকে পরিত্রাণের পথ খুঁজে বেড়াই। জমে থাকা ভেতরের কষ্টকে প্রকাশ করতে চাই ছবিতে।’ মাসব্যাপী এ প্রদর্শনীতে ৮০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। মাসব্যাপী এ শিল্পায়োজন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।