ইত্তেফাক রিপোর্ট
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন—জাপা মহাজোটে নেই, জাপা কোনো জোটেই নেই। জাপা আওয়ামী লীগ বা বিএনপির বি-টিম নয়। জাপা কারও দয়া বা ভিক্ষার রাজনীতিও করে না। কারো করুণা নয়, সম্মানের জন্য রাজনীতি করছে জাপা। তিনি বৃহস্পতিবার তার বনানী কার্যালয় মিলনায়তনে দলের অঙ্গ-সহযোগী সংগঠন সমূহের নেতাদের সঙ্গে যৌথসভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
জি এম কাদের বলেন, নির্বাচনের সময় জাপার সঙ্গে কিছু আসনে সমঝোতা হয়েছিল। তবে বেশির ভাগ আসনেই জাপার প্রার্থীরা শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে লড়াই করেছেন। জাপা নিজস্ব রাজনীতি নিয়ে মাঠে আছে। নিজস্ব স্বকীয়তা নিয়ে রাজনীতির মাঠে এগিয়ে যাচ্ছে । তিনি বলেন, জাতীয় পার্টি প্রতাপের সঙ্গে ৯ বছর দেশ পরিচালনা করেছে। দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে জাপা প্রধান বিরোধীদলের ভূমিকায় কখনোই আপস করছে না।
সভায় জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, দেশে মানুষের ভোটের অধিকার নেই। নির্বাচনের নামে প্রহসন চলছে, ভোটের প্রতি সাধারণ মানুষের আগ্রহ নেই। দুর্নীতি, দুঃশাসন আর লুটপাটের রাজনীতির বিরুদ্ধে জাপার সংগ্রাম চলবে। বক্তব্য রাখেন—জাপার কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের প্রমুখ।
