বালিয়া লোহার সেতু
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালা উপজেলার খেশরা ইউনিয়নের টিআরএম বিল সংলগ্ন বালিয়া লোহার সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেতুর মুখে সাইনবোর্ড লাগানোর পরও চলছে ভারী যানবাহন। তালা উপজেলা প্রশাসনের নির্দেশে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এতে কোনো প্রকার ভারী যানবাহন চলাচল না করার নির্দেশ দিয়ে এই সাইনবোর্ড লাগিয়েছেন। কিন্তু বিধি-নিষেধ অমান্য করে সেতুর ওপর দিয়ে চলছে ইট ও বালিসহ বিভিন্ন মালামাল বোঝাই অবৈধ ডাম্পার ও অন্যান্য যানবাহন। এলাকার পথচারী রিয়াদ হাসান, আব্দুস সবুর, তপন কুমার, শফিকুল ইসলামসহ কয়েক জন জানান, ট্রাক্টর দিয়ে তৈরি দানব আকৃতির ডাম্পার নামের এই অবৈধ ভারি যানবাহনে ইট, বালি, পাথর ও মাটি বহনের ফলে সেতুটি হুমকির মুখে পড়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কার মধ্যেও প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ ঐ ব্রিজের ওপর দিয়ে ভারী যান চলাচল করছে। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্ষমতার দাপটে ঠিকাদারদের কাজে ব্যবহূত ডাম্পার চলাচল বন্ধ হচ্ছে না বলে জানান তারা। এলাকাবাসীর দাবি, ঠিকাদাররা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। এ বিষয়ে তালা উপজেলা নিবার্হী অফিসার মো. তারিফ-উল-হাসান বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
