তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালায় নাদিরা খাতুন (৭) নামের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নাদিরা উপজেলার খলিলনগর ইউনিয়নের হরিশ্চন্দ্রকাটী গ্রামের কাশেম মোড়লের মেয়ে এবং হরিশ্চন্দ্রকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার রাতে ঘরের আড়ার সঙ্গে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। নিহতের স্বজনরা জানান, বিকালে নাদিরা পাড়ার ছেলেমেয়েদের সঙ্গে খেলতে যায়। এ সময় এক জনের সঙ্গে তার ঝগড়া ও হাতাহাতি হয়। বিষয়টি নাদিরার বাবা-মাকে জানান প্রতিবেশিরা। এর পর থেকে নাদিরাকে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দেওয়া অবস্থায় তার লাশ দেখতে পায় স্বজনরা। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
