ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় একজন ভারতীয় নাগরিকসহ ২০ জনকে গ্রেফতার করেছে বিজিবি। শুক্রবার ভোররাত ও বৃহস্পতিবার বিকালে তাদের গ্রেফতার করা হয়েছে। বিজিবির খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার ভোররাতে পলিয়ানপুর বিওপির আওতাধীন মাতলার আইট গ্রামের মাঠ থেকে চার জনকে গ্রেফতার করে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে পলিয়ানপুর বিওপির টহল দল তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে গুড়দাহ গ্রাম থেকে ভারতে যাওয়ার পথে শ্রীনাথপুর বিওপির টহল দল গোপন সূত্রে খবর পেয়ে তিন জনকে গ্রেফতার করে। তাদের বাড়ি খুলনা জেলায়। ঐ দিন বিকালে একাশিপাড়া গ্রামের মাঠ থেকে নারী-পুরুষসহ ১২ জনকে গ্রেফতার করে বিজিবি। শ্যামকুড় বিওপির টহল দল গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করে। সেই সঙ্গে সেলিম রেজা নামে মানুষ পাচার চক্রের এক দালালকেও গ্রেফতার করা হয়। একই দিন একাশিপাড়া থেকে সুরমা নামের এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করে বিজিবি। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সুরুলিয়া গ্রামের বাসুদেব বিশ্বাসের স্ত্রী। অবৈধভাবে বাংলাদেশে আসেন তিনি। আবার অবৈধভাবে ভারতে যাচ্ছিলেন। বিজিবির পক্ষ থেকে বাংলাদেশ পাসপোর্ট আইনে মামলা দিয়ে গ্রেফতারকৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
