সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৯

চাঁদপুরে বসন্ত উত্সব

চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত উত্সব উদ্যাপন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উত্সবের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে আলোচনাসভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অসিম চন্দ্র বণিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।

লোকায়ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে প্রগতিশীল ধারার সংগঠন লোকায়ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ত্রিবার্ষিকীর ৭ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মুন্সীবাজারে একটি হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। লোকায়ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক কবি নিখিল কান্তি গোস্বামীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ডা. অবনী শর্মা, মৃগেন চক্রবর্তী প্রমুখ। পরে ১১ সদস্য বিশিষ্ট লোকায়ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের কার্যকরী কমিটি গঠন করা হয়।

জেডিএম সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৮৭ ব্যাচের পুনর্মিলনী

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের (জেডিএম) ১৯৮৭ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয় মাঠে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা, কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর, পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কোটালীপাড়ায় পাঠাগারে বই উপহার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা মুজিববর্ষ উপলক্ষ্যে উপজেলার জ্ঞানের আলো পাঠাগারে বিভিন্ন প্রকার বই উপহার দেন জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দেবদুলাল বসু পল্টু। শুক্রবার তিনি উপজেলার তারাশী গ্রামে অবস্থিত জ্ঞানের পাঠাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’, সুমন্ত গুপ্তের লেখা বঙ্গবন্ধুসহ ৩৫টি বিভিন্ন ধরনের বই পাঠাগারের সভাপতি সুশান্ত মণ্ডলের হাতে তুলে দেন।

পরিচ্ছন্ন নেত্রকোনা গঠনে শোভাযাত্রা

নেত্রকোনা প্রতিনিধি সবুজ পরিবেশ, সুন্দর ও পরিচ্ছন্ন নেত্রকোনা গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনা শহরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা আইইডির ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের আয়োজনে বৃহস্পতিবার এ শোভাযাত্রার আয়োজন করা হয়। জেলা প্রশাসক অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের উদ্বোধন

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালা উপজেলা পরিষদ চত্বরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ বেংগল ল্যান্সার ব্যবস্থাপনায় ও ৫৫ পদাতিক ডিভিশন, যশোর অঞ্চলের পরিচালনায় এবং তালা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ম্যারাথনের উদ্বোধন করা হয়। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুত্ফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যারাথনের উদ্বোধন করেন।

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল প্রমুখ।

দুস্থদের মধ্যে ভিজিডির চাল বিরতণ

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা গুরুদাসপুরে বৃহস্পতিবার ৪৩৫ জন দুস্থকে ভিজিডির চাল দেওয়া হয়েছে। উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদে চাল বিতরণ উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। এ সময় উপস্থিত ছিলেন নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. শওকত রানা লাবু, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম প্রমুখ।