স্পোর্টস ডেস্ক
উয়েফা ইউরোপা লিগের শেষ বত্রিশের প্রথম লেগে বৃহস্পতিবার ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে ৪-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দিনের অন্য ম্যাচে অস্ট্রিয়ান দল উলফসবার্গারকে ৪-১ গোলে হারিয়েছে জোসে মরিনহোর টটেনহাম হটস্পার। এই জয়ের ফলে স্পার্সের এক পা শেষ ষোলোতে চলে গিয়েছে বলেই মনে করছেন মরিনহো।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে ইউরোপা লিগে খেলতে আসা ম্যানচেস্টার ইউনাইটেড তাদের এবারের ইউরোপা-মিশন শুরু করেছে বীরদর্পে। ম্যানচেস্টারের লাল শিবিরের সামনে বৃহস্পতিবার একদম দাঁড়াতেই পারেনি সোসিয়েদাদ। পুরো ম্যাচ জুড়েই আক্রমণ-পালটা আক্রমণে সোসিয়েদাদের রক্ষণকে তটস্থ করে রেখেছিল ব্রুনো ফার্নান্দেজরা। আনোয়িতা স্টেডিয়ামে এদিনে জোড়া গোল করেছেন ফার্নান্দেজ (২৭, ৫৭)। একটি করে গোল পেয়েছেন মার্কাস রাশফোর্ড (৬৪) ও ডেনিয়েল জেমস (৯০)।
ওদিকে উলফসবার্গারকে উড়িয়ে দিয়ে জোসে মরিনহোর স্পার্সও শুভ সূচনা করেছে তাদের নকআউট পর্বের। ৪-১ গোলের এই আয়েশি জয়ের পথে স্পার্সের হয়ে গোল করেছেন সন হিউয়েঙ-মিন (১৩), গ্যারেথ বেল (২৮), লুকাস মউরা (৩৪) ও কার্লোস ভিনিশ্যাশ (৮৮)। এই জয়ে শেষ ষোল প্রায় নিশ্চিত হয়ে গেছে মনে করলেও, পা মাটিতেই রাখছেন মরিনহো, ‘আমার কাছে মনে হয় না এটা মহান কোনো জয়। একদম সাদাসিধে একটি জয়, যার কথা ভাবতে ভালো লাগে।’
