কেরানীগঞ্জ মডেল থানার চড়াইল খেলার মাঠ এলাকায় ইলনের তিনতলা বাড়িটি শুক্রবার সকালে আকস্মিকভাবে উলটে ঝিলের পানিতে পড়ে যায়। এসময় ভবনে শিশুসহ কয়েক জন বাসিন্দা আটকা পড়ে। সকাল সাড়ে ৯টায় কেরানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থালে পৌঁছে দুই নারীসহ আট জনকে উদ্ধার করে। এ ঘটনায় পার্শ্ববর্তী দুটি তিনতলা ভবনসহ আরো পাঁচটি বাড়ি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ১৭টি পরিবারকে সরিয়ে বাড়ির বিদ্যুত্ ও গ্যাস সংযোগ বিছিন্ন করে দেয় স্থানীয় প্রশাসন ।
ফায়ার সার্ভিসের অফিস ইনচার্জ ফারুক আহমেদ জানান, রাজউকের কোনো প্রকার অনুমোদন ও পাইলিং ছাড়াই অপরিকল্পিতভাবে ঝিলের পানির মধ্যে প্রথমে একতলা ভবন তৈরি করা হয়। এক বছর পর ঐ ভবনটি তিনতলায় রূপান্তর করা হয় এবং সেখানে ছয়টি পরিবার বসবাস করে আসছিল। ঝিলের পানির ভেতর এবং পাইলিং না করার কারণে ভবনটি উলটে পড়ে বলে ধারণা করা হয়। ফায়ার সার্ভিস এজন্য ভবন মালিককে দায়ী করেছেন। পাশের আরো দুটি ভবনও ঝুঁকিপূর্ণ বলে তারা জানায়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল হোসেন জানান, কেরানীগঞ্জে বেশির ভাগ ভবনই রাজউকের অনুমতি ছাড়া অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। আর এ কারণেই দুর্ঘটনা ঘটছে। ঘটনার পরপর ঢাকা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রাজউক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বেলা ২টায় উদ্ধার অভিযান শেষ করে ফায়ার সার্ভিস। এ ব্যাপারে এলাকাবাসী রাজউককে দোষারোপ করে নজরদারি বাড়ানোর দাবি জানান।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ দিবসের মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে।
