সড়ক দুর্ঘটনায় কানাডায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৯

ইত্তেফাক ডেস্ক

কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। তারা ইউনিভার্সিটি অব ম্যানিটোবার শিক্ষার্থী ছিলেন। এরা হলেন—আরানুর আজাদ চৌধুরী, আল নোমান আদিত্য ও রাইসুল বাধন। বৃহস্পতিবার সকালে উইনিপেগের উত্তরে এই দুর্ঘটনা ঘটে। ম্যানিটোবা ইসলামি অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঐ তিন শিক্ষার্থী গাড়িতে করে ফিরছিলেন। উইনিপেগ থেকে ১১৫ কিলোমিটার উত্তরের শহর আরবর্গ থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে হাইওয়ে-৭ এ তাদের গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঐ তিন শিক্ষার্থী মারা যান। নিহত তিন জনের মধ্যে দুই জনের বয়স ২৩ বছর। অপর জনের বয়স জানাতে পারেনি কানাডা পুলিশ। ম্যানিটোবা ইসলামিক অ্যাসোসিয়েশনের ভাইস-চেয়ার তাসনিম ভালি বলেন, তিন বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু এই কমিউনিটির জন্য খুবই হূদয় বিদারক ঘটনা। দুর্ঘটনার সময় অপর দিক থেকে গাড়িটি চালাচ্ছিলেন ৫৩ বছর বয়সি এক নারী। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উইনিপেগ শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ম্যানিটোবা ইসলামিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের পরিবার বাংলাদেশে থাকে। ইসলামিক অ্যাসোসিয়েশন এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটি তাদের সঙ্গে যোগাযোগ করেছে।