পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার হাজার হাজার কোটি টাকা ব?্যয়ে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক নির্মাণ করছে। আধুনিক ও বিশ্বমানের এই সড়কে ১৭ কিলোমিটার ফ্লাইওভারসহ মধ্যখানে ডিভাইডার হবে। সড়কের পাশাপাশি ডাবল রেললাইন স্থাপন করা হবে। পদ্মা সেতু ও কর্ণফুলী নদীতে সুড়ঙ্গ পথের কাজ প্রায় শেষ পর্যায়ে।
তিনি গতকাল শুক্রবার মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে পৌরসভা আয়োজিত কোদালীছড়ার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পৌর মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহীদ আহসান, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান ও প্রকল্প পরিচালক কাজী মিজানুর রহমানসহ অন্যরা।
তিনি আরো বলেন, কিছু লোক আমাদের মধ্যে ঢুকে পড়েছে। যারা মনেপ্রাণে বাংলাদেশের ভালো চায় না। তাদের কারণে ৩০ লাখ মানুষের রক্ত দিতে হয়েছিল। আওয়ামী লীগের কর্মী হওয়া গর্বের বিষয়। এখন জ্বালাও-পোড়াওয়ের দিন শেষ, উন্নয়নের বাংলাদেশ। গণতান্ত্রিক সরকার স্বৈরতান্ত্রিক নয়। এই সরকার জনগণের সরকার।
পরে মন্ত্রী মৌলভীবাজার প্রেসক্লাব আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন এবং প্রেসক্লাবের কমপ্লেক্স নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন। এর আগে মন্ত্রী পৌরসভার আয়োজনে কম্পিউটার ট্রেনিং কোর্সের শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
